
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় এসেছে এক দুর্দান্ত সাফল্য। প্রতিষ্ঠানটি থেকে মোট ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫০ জনই জিপিএ-৫ অর্জন করেছেন, যার মধ্যে ৪৩ জনই পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। উত্তীর্ণ সব শিক্ষার্থীই বিজ্ঞান বিভাগের।
সাফল্যের বিষয়ে মির্জাপুর ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, “এই অসাধারণ অর্জনের নেপথ্যে রয়েছে ক্যাডেটদের একনিষ্ঠ অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকদের নিরলস পরিশ্রম ও দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন প্রেরণা ও সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”
তিনি এই অভাবনীয় ফলাফলের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সুনাম ও সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























