
নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন মঙ্গলবার সকাল ১০টায় রামু উপজেলা পরিষদের ‘হিমছড়ি’ কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন দিনগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রামুর প্রতিটি ইউনিয়নে চুরি, ডাকাতি, মাদক চোরাচালান ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সীমান্ত ও স্থানীয় রুটগুলোতে মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানানো হয়। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি এবং গ্রামীণ সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, রামু উপজেলার ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।
অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। একটি নিরাপদ ও শান্তিময় রামু গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে একসাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি।
উক্ত সভায় রামু উপজেলা পরিষদের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লু রহমান , রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া , সাংবাদিক ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা রামুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

























