
চঞ্চল,
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও মাদকসহ এক নারী কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (১ মে) দুপুরে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে ওই গ্রামের মোছাঃ মিনারা খাতুনের বসতবাড়ির উঠানে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল ফেনসিডিল ডিএক্স এবং ০২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে মাদক মজুত ও বিক্রির অপরাধে মোছাঃ মিনারা খাতুনকে (৪৫) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি খামারভাতি গ্রামের মোঃ নাসির উদ্দিনের স্ত্রী। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের এই কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।






















