
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঁদা না দেওয়ায় দুইজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করে আসছেন। ঘটনার দিন বাজুরবাগ এলাকায় মাটি কাটার সময় নাসিকের ২৬নং ওয়ার্ডের রামনগর এলাকার মৃত আকবর ডাকাতের ছেলে মামুন ডাকাত, সাইফুলসহ একদল ব্যক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা মনোয়ার হোসেন ও তার সহযোগী রোমান (২৭), পিতা- লোকমান, সাং- বাকসরাইল, বারপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মদনপুর আল-বারাকা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বন্দর থানায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
























