
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে পাগলা নয়ামাটি হাইস্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে জনৈক মোঃ হুমায়ুন কবিরের ৩য় তলা পাকা বাড়ির রান্নাঘরের গ্রিল ভেঙে ৭/৮ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি সংঘটিত করে।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় এসআই সঞ্জীব জোয়ারদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ডাকাতরা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

























