
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো ৫ বছর বয়সী ফাতেমা নামে এক শিশুর লাশ।
সে মধুপুর উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার আবু সামার মেয়ে। আবু সামা পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক।
তবে পুলিশের ধারণা প্রতিবেশী মাদকাসক্ত চাচাতো ভাই মেয়েটির গলায় থাকা স্বর্নের চেইন নিতেই এমন ঘটনা ঘটাতে পারে। মাদকাসক্ত ঐ ছেলে কে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।
পুলিশ জানায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল থেকে মেয়েটি তার নিজবাড়ী হতে হঠাৎ করে উধাও হয়। তারপর থেকে রাত পর্যন্ত আশেপাশের বাড়ী, বিভিন্ন আত্মীয় স্বজন বাড়ীতে খুঁজে পাওয়া না যাওয়ায় বাড়ীর লোকজন সোস্যাল মিডিয়ায় নিখোঁজের খবর প্রচার করার একদিন পর পাশ্ববর্তী ভুট্টা ক্ষেত হতে তার লাশ খুঁজে পায় বাড়ীর লোক। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল প্রেরণ করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীণ বলে জানিয়েছে পুলিশ।
মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকাসক্ত ঐ ছেলে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
























