
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মোঃ আদনান হাসান নূর (১০) ও আব্রাহাম হাসান আয়ান (৬)। তারা জিয়াউর রহমানের সন্তান। তাদের স্থায়ী বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় হলেও বর্তমানে তারা রায়েরটেক এলাকায় মকবুল খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে বলটি আনতে গিয়ে দুই ভাই পানিতে পড়ে যায় এবং ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাতুয়াইল শিশু সদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

























