
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক মিয়া (৫২) ও তার পুত্র মোঃ ওয়াসিম (২৬)-কে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া ইসদাইর ৫২ নম্বর বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ফতুল্লা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাদের আটক করে।
পুলিশ জানায়, আটককৃত আব্দুর রাজ্জাক মিয়া একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার পিতা মোঃ এরশাদ। অপরদিকে আটক ওয়াসিম তার পুত্র, যার ঠিকানা ইসদাইর ২৫ বাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বর্তমানে আটক দুজন ফতুল্লা থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
























