
চঞ্চল,
লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অবস্থানে রয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গত ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পরিচালিত তিনটি পৃথক বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি’র গোয়েন্দা তথ্যানুযায়ী, ঝাউরানী, শিমুলবাড়ী ও রামখানা বিওপির বিশেষ টহল দলগুলো সীমান্তের তিনটি ভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। হাতীবান্ধার খামারভাতী, ফুলবাড়ীর বানিয়াটারী এবং নাগেশ্বরীর চান্দেরহাট এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৪ কেজি গাঁজা এবং ২৮০ পিস নিভিয়া সফট ক্রিম উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানিয়েছেন, জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য ১ লাখ ২৯ হাজার ৬০০ টাকা। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্য নিয়ে সংশ্লিষ্ট চক্রের সদস্যদের শনাক্ত করতে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।























