
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে আয়োজিত মশাল মিছিলে ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি সৃজয় সাহা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর, অর্থ বিষয়ক সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, সদস্য সচিব মুন্নী আক্তার প্রত্যাশা এবং জেলা শাখার সদস্য ইসরাত জাহান মীম।
সমাবেশে বক্তারা বলেন, নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা দেশব্যাপী চরম উদ্বেগের সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বক্তারা সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মশাল মিছিলটি চাষাড়া শহীদ মিনার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু রোড প্রদক্ষিণ করে কালির বাজার ঘুরে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।





















