
বিজয় চৌধুরী, ঢাকা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটের স্বচ্ছ ব্যালট বাক্স বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রশাসনের পক্ষ থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
বুধবার সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডভিত্তিক ভোটকেন্দ্রে ট্রাক ও ভ্যানযোগে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার সংরক্ষণ সামগ্রী, সিল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নির্ধারিত মান অনুযায়ী স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রের বুথ, ব্যালট সিলিং ব্যবস্থা, ভোটার তালিকা এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।সেনাবাহিনীর, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন। ভোটের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
ঢাকা মহানগর নির্বাচন কর্মকর্তা জানান, “রাজধানীর সব ভোটকেন্দ্রে প্রয়োজনীয় উপকরণ পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানিয়েছেন, ব্যালট বাক্স বিতরণসহ অন্যান্য প্রস্তুতি দ্রুত শেষ হওয়ায় নির্বাচনী কার্যক্রম পরিচালনায় সুবিধা হবে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে।
উল্লেখ্য, রাজধানীতে এবার বিপুলসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
























