
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারস্থ র্যাব-১৫ এর অভিযানে ৩ কোটি টাকার আফিম উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হয়েছে চিহ্নিত একজন মাদক কারবারি।
বান্দরবানের বাঘমারা বাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র ্যাব-১৫ রোববার রাতে এই অভিযান চালায়।
জানা যায়, র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের রুবেল স্টোরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এইসময় চিহ্নিত মাদক কারবারি রুবেল সেন গুপ্ত (৪০) কে আটক করা হয়।
পরে তার নিকট থেকে ৩ কেজি আফিম উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি রুবেল সেন গুপ্ত বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা এলাকার হিন্দুপাড়ার মদন সেন গুপ্ত ও শেলী সেন গুপ্তের পুত্র।
গ্রেপ্তার মাদক কারবারি ও উদ্ধার করা আফিম বান্দরবান সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়েরে লিখিত এজাহার দেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।

























