
ডিজিটাল রিপোর্ট,
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হওয়া গোলাম কিবরিয়া এবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, গোলাম কিবরিয়া অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগ তদন্তাধীন রয়েছে।
তদন্ত ও বিভাগীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে বহাল রাখা সমীচীন নয় বিবেচনায় সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএসসিসির এ সিদ্ধান্তকে ঘিরে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। একপক্ষের মতে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে আরেক পক্ষের দাবি, বিষয়টি সংস্থার অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারের লড়াইয়ের অংশ হতে পারে।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, গোলাম কিবরিয়ার কর্মজীবন রাজনৈতিক মামলা, গ্রেপ্তার ও দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতায় ভরপুর। জানা যায়, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে পল্টন, রমনা, শাহবাগ, শ্যামপুর, ওয়ারী ও যাত্রাবাড়ী থানার একাধিক মামলা অন্তর্ভুক্ত ছিল।
২০১৮ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর তিনি টানা চার মাস ছয় দিন কারাগারে ছিলেন। শুধু তিনি নন, তার বাবা, ভাই ও অন্যান্য স্বজনও বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।
তবে বর্তমানে তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা এবং পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
























