
চঞ্চল,
দুটি দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সন্ধ্যায় মহাসড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা এলাকার সবুজ (২৬) ও তার সঙ্গী ফাহিম। দুর্ঘটনায় আহত হয়েছেন সোহাগ (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ানী ব্রিজ থেকে বড়খাতার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল, যখন বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের পর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে আঘাত করে। এর ফলে ঘটনাস্থলেই দুই আরোহী সবুজন ও ফাহিমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

























