
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মীরেরটেক বাজার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২২ জুলাই) বিকেলে ‘মীরেরটেক এলাকার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই মীরেরটেক বাজার ও আশপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের চলাচল এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কলতাপাড়া এবং মীরেরটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
বক্তারা আরও বলেন, সমস্যার স্থায়ী সমাধানে জরুরি ভিত্তিতে একটি কার্যকর পাইপলাইন অথবা কালভার্ট নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা অত্যন্ত জরুরি। অন্যথায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আরও তীব্র হয়ে জনভোগান্তি বাড়বে।
মানববন্ধন থেকে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মীরেরটেক এলাকায় প্রয়োজনীয় কালভার্ট বা ড্রেনেজ পাইপলাইন নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

























