
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামু থেকে পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি মুহাম্মদ হাসান (৩৫) গ্রেফতার হয়েছে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকায় মঙ্গলবার রাত সাড়ে আটটায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার মুহাম্মদ হাসান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কম্বনিয়া গ্রামের আবদুস সালামের পুত্র। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার পিটিআই স্কুল এলাকার বাসিন্দা।
র্যাব-১৫, কক্সবাজার জানায়- গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ধেছুয়াপালং এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি মুহাম্মদ হাসানকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে নগদ ৭ লক্ষ ১০ হাজার টাকাও উদ্ধার হয়। পরে উদ্ধার করা টাকাসহ এই আসামিকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে

























