
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মার্কেটের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। কিছু ব্যবসায়ীর বকেয়া বিদ্যুৎ বিলের কারণে গত ৫-৬ দিন ধরে মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, প্রতিটি ভবনে পর্যাপ্ত টয়লেট ও গোসলখানার ব্যবস্থা, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মিতালী মার্কেটের ব্যবসায়ী ফিরোজ আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ সদর থানার দর্জি সমিতির সাধারণ সম্পাদক, ব্যবসায়ী আব্দুস সালাম, আজিজুল হক, শফিকুল ইসলাম ও মনির শিকদারসহ অন্যরা।
এ সময় প্রায় ৪০-৫০ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে সমস্যাগুলোর সমাধান না হলে পরবর্তীতে সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
























