
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক কমিউনিটি নেতা (রোহিঙ্গা মাঝি) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রামে নেয়ার পথে মুহাম্মদ সেলিম (৩০) নামের এই রোহিঙ্গা নেতা মারা যান।
এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে সন্ত্রাসীরা মুহাম্মদ সেলিমকে গুলি করে পালিয়ে যায়।
নিহত মুহাম্মদ সেলিম ওই ক্যাম্পের সি ব্লকের রফিক উদ্দিনের পুত্র। তিনি কুতুপালং ৫নং ক্যাম্পের সি-২ ব্লকের সাব মাঝি (সহকারি কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত ছিলেন।
গুলিতে মারাত্মক আহত মুহাম্মদ সেলিমকে প্রথমে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাব মাঝি মুহাম্মদ সেলিমকে গুলি করে পালিয়ে যায়। সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়’।
নিহত মুহাম্মদ সেলিমের স্ত্রী জানান, তাঁর স্বামী রাতে ক্যাম্পে পাহারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দুজন লোক এসে ডাকাডাকি করে। পরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে গুলির শব্দ শোনা যায়।
এর আগে একই দিনে ক্যাম্প ৮-ডব্লিউ’তে দুই রোহিঙ্গা শিশু সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

























