
নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রামু থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন রামু থানার এসআই মোহাম্মদ আনোয়ার ও এএসআই বোরহান উদ্দিন। ছিনিয়ে নেওয়া আসামির নাম দিদারুল আলম। তিনি জাবেদ আলমের ছেলে এবং কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলায় (মামলা নম্বর-১১৪/১১) সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে পলাতক ছিলেন দিদারুল আলম। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল। এ ছাড়া আগামী ১৯ নভেম্বর এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনি গোয়েন্দা নজরদারিতেও ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে এএসআই কোরবান আলী ও এএসআই বোরহান উদ্দিন দিদারুল আলমের বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন।
পুলিশ জানায়, আটক আসামিকে থানায় নেওয়ার প্রস্তুতিকালে তার পরিবারের সদস্য, সন্তানসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পেছন থেকে এসআই মোহাম্মদ আনোয়ারকে মারধর করা হলে তিনি মাটিতে পড়ে যান। এতে তার চশমা ভেঙে যায়। একই সময় এএসআই বোরহান উদ্দিনকেও মারধর করে আহত করা হয়।
এ সুযোগে হামলাকারীরা পুলিশের হেফাজতে থাকা দিদারুল আলমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

























