
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশন এলাকায় জড়ো হন। পরে সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিলে অংশ নেন তারা।
সমাবেশে বক্তব্য দেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।
বক্তব্যে তিনি বলেন, যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন কিংবা পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। অর্থ কিংবা ব্যক্তিস্বার্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লালন-পালনকারীদের বিরুদ্ধে দলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীরা কঠোর অবস্থান নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো অপচেষ্টা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























