
চঞ্চল,
মাদকের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সফল অভিযানে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত পণ্য জব্দ করেছে। ৯ সেপ্টেম্বর তারিখে পরিচালিত এই অভিযানে ৩০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীদের মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বনচৌকি ও ঝাউরানী এলাকায় বিজিবির দুটি পৃথক টহল দল অভিযান চালায়। টহলের সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের মালামাল ফেলে অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইস্কাফ সিরাপ এবং ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, “দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
তিনি স্থানীয় জনগণকে মাদক নির্মূলে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে তথ্য প্রদানকারীদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই অভিযানকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

























