
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বোর্ড মিল কারখানায় কাজ করার সময় মেশিনে হাত ঢুকে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ জুলাই) রাতে ফতুল্লার সিটি বোর্ড মিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের মোহাম্মদ সুনীলের ছেলে। তিনি ফতুল্লায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। তার তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে তিনি ওই কারখানায় পুরাতন কাগজ প্রক্রিয়াজাত করে বোর্ড তৈরির কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার সময় রাতের শিফটে দায়িত্ব পালনকালে অসতর্কতাবশত তার ডান হাত মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে তার হাত থেঁতলে যাওয়ার পাশাপাশি মাথায়ও গুরুতর আঘাত লাগে। পরে সহকর্মী ও তার মামা রহিম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























