
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অপহৃত ৪ কৃষকের তিনজন মুক্তি পেয়েছে। অপহরণের তিনদিন পর ৬ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই তিনজনকে ফেরত দেয় সন্ত্রাসী-ডাকাতদল।
ফিরে আসা কৃষকেরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার ফজলুল করিমের পুত্র মুহাম্মদ আবদুল হাকিম, সৈয়দ হোসেন গুরামিয়া’র পুত্র আবদুর রহমান ও রাজা মিয়ার পুত্র মুহাম্মদ মুহিবুল্লাহ।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃত অপর কৃষক, একই এলাকার আবুল হোসেনের পুত্র আবদুস সালামকে মুক্তি দেয়নি অপহরণকারীরা।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলি জানান, অপহৃত চার কৃষকের মধ্যে তিনজন মঙ্গলবার সন্ধ্যায় নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন। একজনকে এখনো সন্ত্রাসীরা মুক্তি দেয়নি বলেও জানান তিনি।
গেল শনিবার (৭ জানুয়ারি) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার পাহাড়ের পাদদেশে নিজেদের ক্ষেত পাহারা দিতে গিয়ে স্থানীয় ৪ কৃষক অপহরণের শিকার হন।

























