
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আগামী ৪ ও ৫ আগস্ট দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। এ উপলক্ষে সোমবার (৩ আগস্ট) দুপুর ৩টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। লিখিত বক্তব্য পাঠ করেন উপ-উপাচার্য (একাডেমিক) ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলামও বক্তব্য রাখেন।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আগামী দুই দিন ধরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
লিখিত বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন জানান, সরকারের পক্ষ থেকে দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অত্যন্ত মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে আগামী ৪ ও ৫ আগস্ট দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ৪ আগস্ট বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর গ্যালারিতে চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী এবং বেলা ১১টা ৩০ মিনিটে চাকসু কেন্দ্রে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, ৫ আগস্ট দিনব্যাপী মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ‘স্মরণ চত্বর’ থেকে শুরু হয়ে সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে গিয়ে শেষ হবে বর্ণাঢ্য বিজয় র্যালি। এরপর সকাল সাড়ে ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে “ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান: ভাবাদর্শের রূপান্তর ও বাস্তবতার অভিঘাত” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে থাকবেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ইংরেজি বিভাগের প্রফেসর জেরীন চৌধুরী এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন।
এদিন দুপুর আড়াইটায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন, ‘তিনি আসছেন’ শীর্ষক মঞ্চনাটক, বিষয়ভিত্তিক নৃত্য, বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের পরিবেশনায় গণঅভ্যুত্থান ও দেশাত্মবোধক গান এবং ব্যান্ড দল ‘সরলা’র সঙ্গীত পরিবেশিত হবে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে ৫ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের (প্রীতিভোজ) আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

























