
চট্টগ্রাম ব্যুরো:
প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রথমেই তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। এসময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আজকে আপনাদের মাঝে এসেছি এই ঘোষণা দিতে, আপনাদের সহযোগিতা চাইতে। প্রথমেই প্রেস ক্লাব থেকে আমাদের যেভাবে বরণ করে নিয়েছেন, আমি প্রেস ক্লাবের সকল কর্মকর্তা এবং সকল সাংবাদিককে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিবাদন ও ধন্যবাদ জানাচ্ছি।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, প্রধানমন্ত্রী ডিজায়ার করেছেন যে আমাদের ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ’ যে প্রতিযোগিতাটি হবে আমাদের ইন্টার কলেজ সেক্টরে, এটা উনার ডিজায়ার ছিল। এবং উনি বলেছেন, এই অনুষ্ঠানটি চট্টগ্রাম স্টেডিয়াম থেকে একটি আনন্দঘন পরিবেশে, ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরেমনি যেভাবে হয়, সেভাবে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানটি এখানে করা হবে।
সেজন্য আমরা মন্ত্রণালয় থেকে সকলের সাথে, স্টেকহোল্ডার বলতে সুধীজনসহ আমাদের প্রশাসনিক কর্মকর্তা—অর্থাৎ ডিভিশনাল কমিশনার, পুলিশ বিভাগ এবং আমাদের মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড হতে শুরু করে আমাদের এমপি, রাজনৈতিকবৃন্দ, সুধী সমাজ এবং আপনারা যারা সাংবাদিক রয়েছেন, সকলকে নিয়ে—এই বাংলাদেশের ১৮০ মিলিয়ন যে জনসংখ্যা রয়েছে, তার মধ্য থেকে আমাদের এই ক্রীড়ামোদিরা বিশ্বের দরবারে ন্যায্য হিস্যা পাবে, সেই আলোকে আমরা তাদেরকে ক্রীড়ামোদি বানাবো। এবং সেজন্যই এই প্রতিযোগিতার আয়োজন প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা করেছি।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
এসময় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সহ-সভাপতি ডেইজি মওদুদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহ সহ সরকারি বিভিন্ন সেক্টরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























