
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ায় পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রেজুয়ান (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৫ জুলাই উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পের মুক্তি লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। সেখানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত রেজুয়ান ক্লাস শেষে পাঁচ বছরের শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি স্থানে আটকে রেখে ধর্ষণ করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রমে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রেজুয়ানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রেজুয়ান উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা বলেন, “শিশুটির প্রতি সংঘটিত অপরাধের যথাযথ বিচার হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায় শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা।”
























