
বিনোদন ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে টেইলর সুইফটের গানের সম্পর্ক যেন এবার পুরোপুরি ছিন্ন হতে যাচ্ছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে ব্যবহৃত সুইফটের কয়েকটি গান ও অডিও সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে।
প্রচারণার একটি পোস্টে সুইফটের জনপ্রিয় ‘অগাস্ট’ গানের পরিবর্তে অন্য একটি কান্ট্রি মিউজিক ব্যবহার করা হয়েছে। আর ‘ফাদার ফিগার’ গানটি ব্যবহার করে তৈরি করা আরেকটি পোস্টে এখন দেখা যাচ্ছে—‘দিস সাউন্ড ইজ নট অ্যাভেইলেবল’।
ঘটনার বিষয়ে টেইলর সুইফটের মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো বক্তব্য দেননি।
তবে শুধু সুইফট নন, এর আগে কেটি পেরি, সাবরিনা কার্পেন্টার ও অলিভিয়া রদ্রিগোর মতো তারকারাও ট্রাম্প প্রশাসনের প্রচারণায় তাদের গান বা সুর ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।
ফলে ট্রাম্পের প্রচারণা থেকে সুইফটের গান সরিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে—এটি কি স্বত্বসংক্রান্ত কোনো সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত কোনো পরিবর্তন, তা এখনো স্পষ্ট নয়।

























