
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সংকটাপন্ন প্রসুতি ও হৃদরোগীদের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যাগে জরুরি পরিবহনের জন্য সি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) উদ্বোধনের মধ্য দিয়ে সি এম্বুলেন্স সার্ভিস চালু হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে বরাদ্দকৃত সি অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম, সহকারি কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, আরএমও ডাঃ রেজাউল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবি কুতুবদিয়ার চেয়ারম্যান এসকে লিটন কুতুবী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত ও সংকটাপন্ন মুমূর্ষু রোগী, বিশেষ করে ডেলিভারি রোগীদের জীবন বাঁচাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে মগনামা ঘাট পর্যন্ত দুঃস্থদের ফ্রি সার্ভিস দিবে এই সি অ্যাম্বুলেন্স। প্রয়োজনে জেলা সদর কিংবা বিভাগীয় পর্যায়ের হাসপাতালে জরুরি রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হবে।

























