
শওকত আলম, ককসবাজার:
কক্সবাজার সদর মডেল থানাধীন জিলংঝা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তরণ আবাসিক এলাকায় ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রঞ্জন চাকমাকে খুনের দায়ে স্থানীয় বিরেল চাকমা (৫৫) গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যায়, রাঙ্গামাটি জেলার বাসিন্দা রঞ্জন চাকমা ও তার স্ত্রী কালো দেবী চাকমা তিনদিন আগে বিরেল চাকমার বাসায় অবস্থান করছিলেন। কালো দেবী চাকমা কক্সবাজার বাস টার্মিনাল এলাকার এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায় করতে এসেছিলেন।
এই সময় বিরেল চাকমা তাকে বারবার কুপ্রস্তাব দেয়। কিন্তু রাজি না হওয়ায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে মদ্যপ অবস্থায় বিরেল চাকমা ও রঞ্জন চাকমার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্জনের মাথায় কোপ মেরে ঘটনাস্থলেই হত্যা করে।
এ সময় স্ত্রী কালো দেবী চাকমা বাধা দিতে গেলে তার হাতের আঙুল জখম হয়। পরে তাকে ঘরের বাইরে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগও পাওয়া গেছে। তবে সুযোগ বুঝে কালো দেবী চাকমা সিগারেট আনার কথা বলে বাইরে বেরিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বিরেল চাকমাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা ও ধর্ষণসহ একাধিক ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

























