
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে নির্বিচারে পাহাড় কেটে সড়ক নির্মাণ করা হচ্ছে। স্কেভেটর দিয়ে প্রায় এক কিলোমিটার এলাকার খাড়া পাহাড় কেটে এসব মাটি সড়ক মেরামতে ব্যবহার করা হচ্ছে। আশপাশের একাধিক পাহাড় থেকে মাটি কেটে তা সড়কের ভরাট কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া পাহাড় কেটে সড়ক নির্মাণ করতে গিয়ে অসংখ্য ছোট-বড় গাছ কাটা পড়েছে।
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা ঝর্নামুড়া সড়ক নির্মাণে এসব অনিয়ম ও অসঙ্গতি এবং পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে। পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হলেও স্থানীয় প্রশাসন ও বনবিভাগ কোনো পদক্ষেপ নেয়নি। নির্বিচারে পাহাড় কেটে সড়ক নির্মাণ করায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো।
সরেজমিনে পরিদর্শনে জানা যায়, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় সমতল থেকে প্রায় ৫শ’ ফুট উঁচু পাহাড়ের বুক চিরে ১০ ফুট প্রসস্থ ও প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হচ্ছে। পাহাড় কাটার ফলে ঝুঁকিতে পড়েছে ওই এলাকার বেশ ক’টি বসতবাড়ি।
স্থানীয় বাসিন্দা আলমগির বলেন, ‘খাড়াভাবে পাহাড় কাটার ফলে বর্ষাকালে পাহাড় ধসে বসতবাড়ির উপর পড়ে প্রাণহানির আশংকা রয়েছে’।
আলমগির তাঁর বসতবাড়িসহ এলাকার একাধিক বাড়ি পাহাড় ধসের আশংকা প্রকাশ করেন। ওই এলাকায় ইতোপূর্বে পাহাড় ধসে দু’জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামশুল আলম জানান, এলজিইডি’র অধীনে লট উখিয়ারঘোনার ঝর্নামুড়া-লামারপাড়া সড়কটি বাস্তবায়ন হচ্ছে। রাস্তাটি নির্মাণে পাহাড় কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।
স্থানীয় বনবিভাগের বাঁকখালি রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান, বিষয়টি পরিবেশ অধিদপ্তর দেখবে। এছাড়া পাহাড়গুলো তাঁর রেঞ্জের আওতাধীন কিনা তাও তিনি অবগত নন বলে জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, সড়কটির নির্মাণ কাজ করছেন সুলতান আহমদ বাহাদুর নামের একজন সাব কন্ট্রাক্টর (উপঠিকাদার)। পাহাড় কাটার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘পাহাড় কেটে এসব মাটি সড়ক ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে’।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান বলেন, ‘সরেজমিনে পরিদর্শন করে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, ‘পাহাড় কাটা আইনত অপরাধ’।
এব্যাপারে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি

























