
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে ৩০ পিস কার্তুজসহ এক রোহিঙ্গা নাগরিক গ্রেফতার হয়েছে। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে রামু হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করে র্যাব।
জানা যায়, র্যাব-১৫ কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল রামু হাসপাতাল সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পূরবী পরিবহনের একটি বাসে তল্লাশি অভিযান চালায়। এসময় ওই বাসের যাত্রী মুহাম্মদ জুবায়ের ওরফে শাহিন (২২) কে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩০ টি তাজা কার্তুজ পাওয়া যায়।
আটককৃত জুবায়ের শাহিন টেকনাফের মুছনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৬ এর ডি ব্লকের মুহাম্মদ শফি ও মৃত লতি বানুর পুত্র।
র্যাব জানায়, উদ্ধারকৃত কার্তুজসহ গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে।

























