
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁওয়ে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়, ২৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ব্যবসায়ী রহিম উদ্দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিয়াপাড়া এলাকা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামি ফারুক মিয়া (৪২) ও মো. সাজ্জাদ ওরফে আব্বুইয়া (২৭)-কে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

























