
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। এতে বাসের অধিকাংশ আসন পুড়ে গেলেও চালক, সহকারী ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। চালক বাসটি সড়কের পাশে থামালে সবাই দ্রুত নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস জানান, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে নামতে সক্ষম হন। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

























