
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) হিসেবে গড়ে তুলতে স্থানীয় উৎপাদন ও বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করছে হায়ার বাংলাদেশ লিমিটেড। উৎপাদন সক্ষমতা বাড়ানো, আমদানিনির্ভরতা কমানো এবং দেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পের বিকাশে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর গুলশানে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানায় হায়ার বাংলাদেশ। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দেশের বাজারে তাদের কার্যক্রম, স্থানীয় উৎপাদন সক্ষমতা, ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
হায়ার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্যান জিং বলেন, দেশের প্রতিটি পরিবারের কাছে বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সল্যুশনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ‘মোর ক্রিয়েশন, মোর পসিবিলিটিজ’—এই বিশ্বাস নিয়েই হায়ারের পথচলা।
কর্মকর্তারা জানান, ২০২০ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হায়ার। গাজীপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় বর্তমানে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন উৎপাদিত হচ্ছে। পাশাপাশি চুক্তিভিত্তিক ব্যবস্থায় তৈরি করা হচ্ছে রেফ্রিজারেটর ও ফ্রিজার। বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স আমদানি ও বাজারজাতও করে প্রতিষ্ঠানটি।
স্থানীয় উৎপাদন সক্ষমতার বিষয়ে কর্মকর্তারা জানান, এয়ার কন্ডিশনার তৈরির জন্য প্রয়োজনীয় কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব, ইনডোর বডি ও আউটডোর বডির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এখন দেশেই উৎপাদন করছে হায়ার।
তাদের মতে, স্থানীয় উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দেশের শিল্প খাতে মূল্য সংযোজন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।
হায়ার বাংলাদেশ লিমিটেড বৈশ্বিক হায়ার গ্রুপের অংশ। এর মূল প্রতিষ্ঠান হায়ার স্মার্ট হোম কোম্পানি লিমিটেড ২০২৬ সালের ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় রয়েছে। ইউরোমনিটর ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিক্রির পরিমাণের ভিত্তিতে টানা ১৭ বছর ধরে বিশ্বের শীর্ষ মেজর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডের অবস্থান ধরে রেখেছে হায়ার।

























