
তৌহিদুল ইসলাম চঞ্চল,
দেশের মেধাবী তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় স্বনির্ভর হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরনির্ভরশীলতা কাটিয়ে আগামী তিন বছরের মধ্যে দেশীয় প্রযুক্তিতে নির্মিত নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের রূপকল্প ঘোষণা করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে অবস্থিত ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “বিজ্ঞানে পিছিয়ে পড়লে পুরো জাতি ও তরুণ সমাজ পিছিয়ে যাবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তরুণদের যদি প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহযোগিতা দেওয়া যায়, তবে তারা বিশ্বজুড়ে উদ্ভাবনের ক্ষেত্রে বড় ধরনের বিপ্লব ঘটাতে সক্ষম। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে আমাদের তরুণরাই আকাশ জয় করার মতো অসম্ভবকেও সম্ভব করতে পারে।”
তরুণদের সাহসী হয়ে নিত্যনতুন ভাবনা ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তরুণদের মেধাকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি আধুনিক, স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শেষে দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সারাদেশে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে একটি মডেল খালখনন প্রকল্পের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে মন্ডলেরহাটে আয়োজিত এক সংক্ষিপ্ত জনসভায় স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল আড়াইটায় জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

























