
শওকত আলম, কক্সবাজার,
সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এমপি এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এমপি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবে। দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সবসময় সোচ্চার থাকবে। কোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা বরদাশত করা হবে না।
সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তাঁরা রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।
সমাবেশে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

























