
আরিফ আহমেদ,
যেকোনো মুহূর্তে রেলিং ভেঙে শতাধিক প্রাণহানি ও যানবাহনের ক্ষতির আশঙ্কা। তার ওপর রয়েছে অসংখ্য বৈদ্যুতিক ও ইন্টারনেট ক্যাবলের সংযোগ থেকে শর্টসার্কিটের ঝুঁকি। দেয়ালগুলো জরাজীর্ণ, কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও ভয়, যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আতঙ্ক। নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা। প্রায় পাঁচশ ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য রয়েছে মাত্র একটি গণশৌচাগার। এমন নানা ঝুঁকি ও অব্যবস্থাপনার মধ্যেই চলছে বরিশালের সিটি প্লাজা মার্কেটের ব্যবসায়িক কার্যক্রম।
বরিশাল সদর রোডের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের মোহামেডান স্পোর্টিং ক্লাবের সীমানা থেকে ফজলুল হক এভিনিউয়ের টিঅ্যান্ডটি কলোনি, উদয়ন উচ্চবিদ্যালয় ও ক্যাথলিক চার্চ হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সীমানা পর্যন্ত বিস্তৃত তিনতলা এই মার্কেটটি। এর কিছু অংশ ব্যাক্তি মালিকানাধীন হলেও সদর রোডে প্রায় ২০০টি ও ফজলুল হক এভিনিউ তে ২৭৩টি দোকান নিয়ে দুই অংশে বিভক্ত মার্কেটটির ব্যবস্থাপনায় রয়েছে পৃথক পৃথক নেতৃত্ব। একাংশের দায়িত্বে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং অন্য অংশে গার্মেন্টস ও টেইলার্স ব্যবসায়ীদের নেতারা। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করলেও স্থায়ী সমাধান নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ। সিটি করপোরেশন নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করলেও পুরোনো ব্যবসায়ীদের বরাদ্দ ও অবস্থান হারানোর আশঙ্কায় তাতে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ী নেতাদের একাংশ। তাদের দাবি, বর্তমান ব্যবসায়িক কার্যক্রম ও অবস্থান অক্ষুণ্ন রেখে দ্রুত সংস্কার করা হোক।
১৮ নভেম্বর বুধবার ফজলুল হক এভিনিউ ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুর রহমান পিন্টু, বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার সভাপতি ও সদর রোড অংশের পুরোনো ব্যবসায়ী রইস উদ্দিন আতিক, গার্মেন্টস ব্যবসায়ী মাহবুবুর রহমানসহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মজিবর রহমান সরোয়ারের দায়িত্ব পালনকালে (২৪ এপ্রিল ২০০৩ থেকে ২১ এপ্রিল ২০০৭) নগরীতে বেশ কয়েকটি সিটি মার্কেট নির্মাণ করা হয়। এর মধ্যে সিটি প্লাজা মার্কেটও রয়েছে। পরবর্তীতে ২০০৭ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত ওয়ান-ইলেভেনের সময় সেনাবাহিনী নিয়ন্ত্রিত সিটি করপোরেশনের মাধ্যমে এই মার্কেটের দোকান বরাদ্দ শুরু হয়। অধিকাংশ ব্যবসায়ী ওই সময় বরাদ্দ নেন। কেউ কেউ পরবর্তী মেয়র প্রয়াত শওকত হোসেন হীরনের সময়ও বরাদ্দ পেয়েছেন।
ব্যবসায়ীদের ভাষ্য, মেয়র আহসান হাবিব কামালের সময়ে মার্কেটটি চতুর্থ তলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হলে ব্যবসায়ীদের বাধার মুখে তা বন্ধ করতে বাধ্য হয় সিটি করপোরেশন। তখন থেকেই ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এরপরও দীর্ঘ সময়ে ভবনটির স্থায়ী সংস্কার কিংবা পুনর্নির্মাণের কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি।
ফজলুল হক এভিনিউ অংশের নিচতলার ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, অল্পদিন আগেই ওপর থেকে প্লাস্টার খসে পড়ে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকি ফেটে যায়। এ ধরনের ঘটনা যেকোনো সময় বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে। ব্যবসা পরিচালনা করতে গিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে।
সদর রোড অংশের দ্বিতীয় তলার ব্যবসায়ী ও বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার সভাপতি রইস উদ্দিন আতিক বলেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ওপর মার্কেটের রেলিংয়ের অংশবিশেষ ভেঙে পড়েছিল। এভাবে চলতে থাকলে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত মার্কেটটি সংস্কারের জন্য অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, এটি সিটি করপোরেশনের মার্কেট হলেও পানি উত্তোলন কিংবা গাড়ি পার্কিংয়ের মতো মৌলিক সুবিধা নেই। ব্যবসায়ীরা নিজেদের দোকান নিজেদের উদ্যোগে সংস্কার করেছেন। অথচ পুরো ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
ফজলুল হক এভিনিউ অংশের ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুর রহমান পিন্টু বলেন, সিটি করপোরেশন মার্কেটটি ভেঙে নতুন করে নির্মাণের একটি পরিকল্পনা করেছিল। এতে আমাদের আপত্তি রয়েছে। কারণ, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে পুরোনো অনেক ব্যবসায়ীর বরাদ্দ ও অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। তাছাড়া উদয়ন উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও সীমানা জটিলতা রয়েছে। বর্তমান অবস্থান ও ব্যবসায়ীদের বাণিজ্যিক কার্যক্রম ঠিক রেখে নতুনভাবে নির্মাণ কিংবা সংস্কার করা গেলে কারও আপত্তি থাকবে না।
সরেজমিনে মার্কেটের দুই অংশ ঘুরে দেখা গেছে, সদর রোডের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের ক্যাথলিক চার্চ অংশের দোতলার রেলিংয়ের বেশ কিছু অংশ নেই। অবশিষ্ট অংশও জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। ফজলুল হক এভিনিউ অংশের তৃতীয় তলায় বাকশিস কার্যালয়ের সামনের রেলিং নড়বড়ে অবস্থায় রয়েছে। নিচে রয়েছে সড়ক ও যানবাহন চলাচলের জায়গা। ফলে রেলিংয়ের কোনো অংশ ভেঙে পড়লে পথচারী ও অপেক্ষমাণ যানবাহন মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে।
উদয়ন উচ্চবিদ্যালয়ের পশ্চিম গেটসংলগ্ন সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গেলেই ভবনের জরাজীর্ণ অবস্থা চোখে পড়ে। সিঁড়ি ও ছাদের প্লাস্টার খসে ভেতরের রড বেরিয়ে এসেছে। তৃতীয় তলায় ওঠার সিঁড়িও অত্যন্ত বিপজ্জনক। দোতলার দীর্ঘ বারান্দার ছাদ ও প্যারাপেটের বিভিন্ন অংশ ক্ষয়ে গেছে। কোথাও কংক্রিটের আস্তরণ খসে পড়েছে, কোথাও রেলিংয়ের অবস্থা নড়বড়ে। বারান্দার পাশ দিয়ে অসংখ্য বৈদ্যুতিক ও ইন্টারনেট ক্যাবল ঝুলে রয়েছে। এসব ক্যাবলের অপরিকল্পিত সংযোগ থেকে অগ্নিকাণ্ড কিংবা শর্টসার্কিটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
মার্কেটের সামনের অংশেও রয়েছে ঝুঁকির চিত্র। তিনতলা ভবনের বিভিন্ন অংশে দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। দোকানের সামনে ক্রেতা ও ব্যবসায়ীদের চলাচলের জায়গার পাশেই রয়েছে ঝুঁকিপূর্ণ রেলিং। অথচ নিচে ব্যস্ত সড়ক। ফলে ওপর থেকে কোনো কংক্রিট কিংবা রেলিংয়ের অংশ খসে পড়লে শুধু মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতা নয়, সড়কে চলাচলকারী সাধারণ মানুষও দুর্ঘটনার শিকার হতে পারেন।
অনুসন্ধানে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ফজলুল হক এভিনিউ মার্কেটে ২৭৩টি স্টল রয়েছে। সদর রোড অংশে রয়েছে আরো প্রায় ২০০টি স্টল।
সব মিলিয়ে সিটি প্লাজা মার্কেট এখন ব্যবসায়ীদের কাছে শুধু ব্যবসা পরিচালনার স্থান নয়, প্রতিদিনের নিরাপত্তা- উদ্বেগেরও নাম। ব্যবসায়ীরা সংস্কার চান, আবার পুরোনো বরাদ্দ ও অবস্থান হারানোর আশঙ্কায় নতুন ভবন নির্মাণে আপত্তি করছেন। অন্যদিকে ভবনের দৃশ্যমান জরাজীর্ণ অবস্থা বিবেচনায় শুধু সাময়িক সংস্কার যথেষ্ট হবে কি না, তা নিয়েও রয়েছে গভীর উদ্বেগ। ভবনটি সংস্কারযোগ্য, নাকি ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে, এ বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামত ও নিরাপত্তা পরীক্ষা এখন সময়ের দাবি।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি ইতিমধ্যেই আমি পরীক্ষা করে এসেছি। আপাতত মার্কেট সংস্কারের জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে খুব শিগগিরই এটি ভেঙে নতুন করে তৈরির চিন্তা আমাদের রয়েছে বলে জানান তিনি।

























