
মোঃ সাগর ইসলাম,
দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
গত ১৮ নভেম্বর (বুধবার) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধীনস্থ এনায়েতপুর ও বাশালগাঁও বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিরল ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, জব্দকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

























