
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে সড়কে গাড়ি রেখে ক্যান্টিনে খেতে গেল পুলিশ সদস্যরা, ফিরে এসে দেখেন গাড়ি উধাও !
চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের টহল দলের একটি পিকআপ ভ্যান(টহল গাড়ি) চুরি হয়েছে।বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনে পুলিশ সদস্যদের খাওয়া-দাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে,হালিশহর থানা পুলিশের একটি টহল দল ভাত খেতে সড়কের পাশে একটি ক্যান্টিনে গিয়েছিল। ১০ মিনিট পর বের হয়ে দেখে গাড়িটি নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।
হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহল দলে দুই কনস্টেবল ছিলেন। তারা তিনজন ও চালক মিলে জেলা পুলিশ লাইন্সের গেইটের পাশে পুনাক ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে যান। সেখান থেকে বের হয়ে দেখেন তাদের গাড়িটি নেই। এদিকে গাড়ি চুরির পর সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি চোরকে শনাক্ত ও গাড়ি উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

























