
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ‘খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য আমার দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে। যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না।’
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে নয়ন আরও বলেন, ‘আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভেতরে। খোদার কসম, ছাড়ব না।’
তিনি বলেন, ‘আজকেও কয়েকজন লোককে ধরার পর আমি রক্ষা করেছি। রাতের অন্ধকারে যারা আগুন দিতে আসছে, তারা কিন্তু ধরা খাবেই।’
রবিউল ইসলাম নয়ন আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যারা আওয়ামী লীগ করেছেন এবং বিএনপির সময়ে বিএনপি করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছেন, সেই সুশীলদেরও নিরাপদ থাকার সুযোগ নেই।
স্বৈরাচার হাসিনার দলের জন্য বাংলাদেশের মানুষের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে বলেও সতর্কবার্তা দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই নেতা।

























