
আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তানে তালেবানের গোপন নির্দেশের কারণে পুরুষ চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে পারছেন না নারীরা। এতে সাধারণ স্বাস্থ্যসেবা পেতেও চরম ভোগান্তি ও অমানবিক পরিস্থিতির মুখে পড়ছেন দেশটির নারী রোগীরা। সম্প্রতি দ্য গার্ডিয়ান ও জান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হেরাতের বাসিন্দা ফরিদা (ছদ্মনাম) তীব্র দাঁতের ব্যথা নিয়ে একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা শুরু করেছিলেন। কিন্তু চিকিৎসার মাঝপথে তাঁকে জানানো হয়, তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পুরুষ দন্তচিকিৎসকরা আর নারীদের চিকিৎসা করতে পারবেন না। ফলে তিন মাস ধরে তাঁর চিকিৎসা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। ব্যথার কারণে ঠিকমতো খেতেও পারছেন না তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছে। নারী রোগীকে চিকিৎসা দিলে তাঁদের কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি পরিস্থিতিতেও কোনো নারী রোগীকে একা চিকিৎসা দেওয়া যাবে না। চিকিৎসার সময় অবশ্যই তাঁর সঙ্গে একজন পুরুষ অভিভাবক (মাহরাম) থাকতে হবে। পাশাপাশি চিকিৎসাসেবায় নারী নার্সের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে।
এমনকি কোনো কোনো এলাকায় নারী রোগীদের তাঁদের প্রকৃত নামে ডাকতেও নিষেধ করা হচ্ছে। প্রেসক্রিপশনে নামের পরিবর্তে শুধু ‘বিবি’ লিখতে বলা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই স্বাস্থ্যসংকট আরও জটিল হয়ে উঠেছে নারী চিকিৎসকের সংকটের কারণে। ২০২৪ সালের শেষ দিক থেকে নারীদের মেডিকেল শিক্ষায় অংশগ্রহণ ও নতুন নারী চিকিৎসাকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। ফলে একদিকে পুরুষ চিকিৎসকদের কাছে যাওয়ার সুযোগ সীমিত হচ্ছে, অন্যদিকে নারী চিকিৎসকের সংখ্যাও ক্রমেই কমছে।
এ পরিস্থিতিতে আফগানিস্তানের নারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

























