
মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা প্রতিনিধি,
তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ১৬ বছর পূর্তিতে গাইবান্ধায় আনন্দঘন পরিবেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম, গাইবান্ধার আয়োজনে শহরের একটি হলরুমে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম, গাইবান্ধার সভাপতি এবং কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি ও ফুলছড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মনোয়ার হোসেন। তিনি ইউডিসির বিগত দিনের সেবা প্রদানের অভিজ্ঞতা তুলে ধরে বর্তমান সেবার মান আরও উন্নত ও সহজলভ্য করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাহাবুবুর রহমান সাধারণ মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা আরও সহজীকরণ, সেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সম্পূর্ণ হয়রানিমুক্ত সেবা প্রদানে জেলার সব উদ্যোক্তাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
নারীদের অংশগ্রহণ ও অধিকারের বিষয়টি তুলে ধরে কাটাবাড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ফোরামের নারী বিষয়ক সম্পাদক সুইটি আক্তার নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন। পাশাপাশি চিহ্নিত সমস্যাগুলো সমাধানে ফোরামের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, দক্ষতা ও আন্তরিকতার সাথে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে উদ্যোক্তাদের আরও দায়িত্বশীল হতে হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে ও একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

























