
শওকত আলম, কক্সবাজার,
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন, ঈদগাঁওয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, সিপাহী-জনতার অসামান্য ঐক্য ও দেশপ্রেম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

























