
মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ নভেম্বর) উপজেলার মানিকদহ ইউনিয়নের তুলসীঘাটা মৌজায় অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ দখলে থাকা সরকারি জমি পুনরুদ্ধার করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, মানিকদহ ইউনিয়নের ১০ নম্বর তুলসীঘাটা মৌজার বিএস ১ নম্বর খতিয়ানভুক্ত ৩৯১ নম্বর দাগ এবং বিএস ৪ নম্বর খতিয়ানভুক্ত ৩২৯ নম্বর দাগে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ঘর নির্মাণ করে সরকারি জমি দখল করেন।
এর আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধভাবে ঘর নির্মাণের কাজ বন্ধ রাখা এবং নির্মাণসামগ্রীসহ সব মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ অমান্য করে তাঁরা পুনরায় ঘর নির্মাণের কাজ চালিয়ে যান।
পরে সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহ জানান, জনস্বার্থ রক্ষা এবং সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























