
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে গ্যাস বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১০ অক্টোবর) রাত থেকে ভোর পর্যন্ত কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত দেড়টার দিকে কাচঁপুরের তাজুল ইসলামের ছয়তলা ভাড়াবাড়ির দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হন। তাদের মধ্যে পোশাকশ্রমিক রোজিনার শরীরের ৬০ শতাংশ, তার স্বামী শরিফের ৪০ শতাংশ, ভাই রিয়াজের ৪০ শতাংশ ও রনির ৭০ শতাংশ পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।
এদিকে দগ্ধদের মধ্যে কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
























