
মামুন মিঞা,
ফরিদপুরে দিনব্যাপী সফরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল বিতরণ, কৃষকদের স্প্রে মেশিন প্রদান এবং সরকারি বিভিন্ন দপ্তরের সেবার মান যাচাই করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা থেকে ফরিদপুরে পৌঁছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে ফরিদপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তিনি বোয়ালমারী উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’-এর উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল বিতরণ করেন।
পরে ফরিদপুর সদর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে কৃষ্ণনগর ইউনিয়নের ১০০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার। এ ছাড়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন এবং সবুজায়নের অংশ হিসেবে অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনকালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারি সেবা প্রাপ্তির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ ছাড়া সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও এলএ শাখা পরিদর্শন করেন।
দিনের শেষ ভাগে বিভাগীয় কমিশনার ফরিদপুর পৌর ভূমি অফিস, সদর উপজেলা ভূমি অফিস ও ফরিদপুর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি জেলা পরিষদের চলমান টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারি দপ্তরের কার্যক্রম তদারকি, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে বিভাগীয় প্রশাসন নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
























