
বিনোদন ডেস্ক,
বলিউডে শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত প্রয়াত অভিনেতা নানা পাটেকর। তবে তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে মুম্বাইয়ের অপরাধজগতের এক কুখ্যাত গ্যাংস্টারের নাম। তিনি হলেন মনোহর মানিয়া সুরভে, যিনি মানিয়া সুরভে নামেই পরিচিত। সম্পর্কে তিনি ছিলেন নানা পাটেকরের মামাতো ভাই।
এক সাক্ষাৎকারে মানিয়া সুরভেকে নিয়ে স্মৃতিচারণ করেছিলেন নানা পাটেকর। তার কাছ থেকেই অপরাধজগতের মানুষের আচরণ সম্পর্কে ধারণা পেয়েছিলেন বলে জানান এই অভিনেতা।
নানা পাটেকরের ভাষ্য অনুযায়ী, শৈশবে অপরাধজগতের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে তিনি অনেক কিছু দেখেছেন ও শিখেছেন। এমনকি অভিনয়ে না এলে হয়তো তিনিও অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়তেন বলে মন্তব্য করেছিলেন তিনি।
তবে নানা পাটেকরের মা তাকে অপরাধজগতের প্রভাব থেকে দূরে রাখতে চেয়েছিলেন। এ কারণে পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাই ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন বলে জানান অভিনেতা।
কে ছিলেন মানিয়া সুরভে?
মনোহর মানিয়া সুরভে ছিলেন মুম্বাইয়ের অপরাধজগতের আলোচিত এক গ্যাংস্টার। কলেজে পড়াশোনা শেষ করার পর অপরাধজগতে জড়িয়ে পড়েন তিনি। সত্তর ও আশির দশকে মুম্বাইয়ের গ্যাং দুনিয়ায় পরিচিত হয়ে ওঠেন মানিয়া।
একটি হত্যা মামলায় কারাবন্দি হওয়ার পর পালিয়ে যান তিনি। পরে নিজস্ব গ্যাং গড়ে তোলেন এবং অপরাধজগতে প্রভাব বিস্তার করেন।
১৯৮১ সালে দাউদ ইব্রাহিমের বড় ভাই শাবির ইব্রাহিমকে হত্যার ঘটনায় তার নাম আলোচনায় আসে। এরপর মুম্বাইয়ে বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘাত আরও তীব্র হয়।
১৯৮২ সালে মুম্বাইয়ের ওয়াদালা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন মানিয়া সুরভে। তার জীবন ও অপরাধজগতের নানা ঘটনা নিয়ে ২০১৩ সালে নির্মিত হয় বলিউড সিনেমা ‘শুটআউট অ্যাট ওয়াদালা’।

























