
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। তেলের দাম কমা ও মার্কিন ডলারের দর দুর্বল হয়ে পড়ায় মূল্যবান এই ধাতুর দাম বাড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তাও প্রভাব ফেলছে বাজারে।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৯ ডলার ৯৯ সেন্টে দাঁড়ায়। এদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৫ ডলার ৩০ সেন্টে লেনদেন হয়।
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি মার্কিন ডলারের দর দুর্বল হওয়ায় অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়েছে। এতে স্বর্ণের চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম কমে আসায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশা জোরালো হয়েছে। এতে ডলারের ওপর চাপ তৈরি হওয়ায় স্বর্ণের দাম বাড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
তবে মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের বাজারে ঝুঁকি তৈরি করছে। সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে।
এদিকে, স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট সিলভারের দাম ১ দশমিক ৭ শতাংশ, প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, আগামী দিনে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত এবং ডলারের গতিপথই স্বর্ণের বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে থাকবে।

























