
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, গণপূর্ত বিভাগের হারুনর রশীদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ১১০ থেকে ১৫০ জন অংশ নেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব র্যালির উদ্বোধন করেন।
আলোচনা সভায় বাসযোগ্য ও নিরাপদ নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ন ও নিরাপদ আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এবারের আলোচনায় ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’, ‘জলাবদ্ধতামুক্ত নগর, স্বস্তির জীবন’, ‘প্রকৃতি বাঁচিয়ে নগর গড়ি’, ‘নিরাপদ আবাসন সবার প্রয়োজন’ এবং ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ বিষয়গুলো গুরুত্ব পায়।
























