
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার। গ্রেফতারদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার দিকে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সিপিএসসি, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন মাদক কারবারি কক্সবাজার শহরের দিকে আসছে।
তথ্যের সত্যতা যাচাই ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আভিযানিক দলটি লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কক্সবাজারগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। একপর্যায়ে ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. এবাইদুল্লার ছেলে মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম (৫৫)।
এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
পরে উদ্ধার করা গাঁজা ও গ্রেফতার দুই মাদক কারবারিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























